রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে আন্তঃ বিভাগীয় চুরি-ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী আব্দুস সালাম (৪০) কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় রাজারহাট থানার এস আই তপন কুমারের নেতৃত্বে একদল পুলিশ ছিনাই ইউপির বড়গ্রাম এলাকার উমর আলীর পুত্র কুখ্যাত চোর আব্দুস সালাম (৪০) কে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃত আব্দুস সালাম একজন আন্তঃ বিভাগীয় কুখ্যাত চোর। সম্প্রতি অত্র উপজেলায় কয়েকটি চুরির ঘটনার পর থেকে সে পুলিশের গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থান পরিবর্তন করে আসছিল এবং তার বিরুদ্ধে রাজারহাট থানায় চুরি-ডাকাতি, হত্যা চেষ্টাসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। আটককৃত আব্দুস সালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। আব্দুস সালামকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।