সিসি নিউজ: নীলফামারীতে গৃহবধু শাহীনা খাতুন (২৭) হত্যা মামলার বাদী জাফর আলীসহ (৩৮) দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে জরিমানা, আনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম ওই আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, জেলার ডিমলা উপজেলার উত্তরখড়িবাড়ী গ্রামের আব্দুল মালেকের ছেলে জাফর আলী। অপর সাজাপ্রাপ্ত হলেন, একই গ্রামের ধৌলু শেখের ছেলে বাহাজ আলী (৩৫)। তারা দুজনেই ওই গৃহবধুর চাচা শ্বশুরের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে গ্রামের শাপলা যুবসংঘ নামে একটি সঞ্চয় সমিতির অর্থ সম্পাদক ছিলেন নিহতের স্বামী রফিকুল ইসলাম। সমিতির ১৪ হাজার ৫০০ টাকা গচ্ছিত ছিল তার কাছে। রফিকুলের চাচাতো ভাই গ্রামের জাফর আলী ও বাহাজ আলী ধারালো অস্ত্রসহ ওই বছরের ২৯ জুলাই রাত দুইটার দিকে টেবিলের ড্রয়ারে রাখা সমিতির গচ্ছিত টাকা নিতে রফিকুলের ঘরে ঢুকে। এ সময় রফিকুলের মুখ চেপে ধরে তারা ভয়ভীতি প্রদর্শন করে টাকা বের করার জন্য টেবিলের কাছে গেলে শব্দে ঘুম ভাঙ্গে রফিকুলের স্ত্রী শাহিনা খাতুনের। তার স্ত্রী আসামীদের চিনে ফেলে এবং নাম ধরে চিৎকার করতে থাকে ও তাদের কাজে বাধা সৃষ্টি করে। এ সময় আসামীরা শাহিনাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। হত্যার পর রফিকুলকে আরও ভয়ভীতি প্রদর্শন করে তাকে মামলার বাদী হতে বাধা সৃষ্টি করে।
ঘটনার পর দিন ৩০ জুলাই ওই হত্যার জন্য রফিকুলের চাচাতো ভাই হিসেবে জাফর আলী অজ্ঞাত আসামী উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তে মূল ঘটনা বেরিয়ে আসলে তদন্তকারী কর্মকর্তা ডিমলা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে ওই মামলার বাদী জাফর আলীসহ বাহাজ আলীকে আসামী করে অপর একটি হত্যা মামলা দায়ের করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানীর পর গৃহবধুকে হত্যার বিষয়টি প্রমানিত হওয়ায় আলতের বিচারক আসামীদের বিরুদ্ধে ওই আদেশ প্রদান করেন। আদালতের অতিরিক্ত পিপি এ্যাডঃ আজিজুল ইসলাম প্রামানিক বিষয়টি নিশ্চিত করেন।