সিসি নিউজ : নতুন মাইলফলক অর্জন করেছে বিশ্বের অন্যতম মোবাইল ইন্টারনেট ব্রাউজার ইউসি। ইউসি ওয়েব কোম্পানির তৈরি আলিবাবা গ্রুপের এই পণ্যটি এখন বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় মোবাইল ইন্টারনেট ব্রাউজার।
স্বাধীন ওয়েব ট্রাফিক বিশ্লেষণ স্ট্যাটকাউন্টার -এর তথ্যানুযায়ী, গ্লোবাল মার্কেটের ১৭.৪২% শেয়ার নিয়ে ইউসি জনপ্রিয়তায় দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। গত অক্টোবরে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে অর্ধেকেরও বেশি (৫৪.৪২%) এবং এশিয়ার তৃতীয় জনবহুল দেশ ইন্দোনেশিয়ায় ৪৯.০৫ শতাংশ মোবাইল মার্কেট শেয়ার অর্জন করেছিল ব্রাউজারটি। দেশ দুটিতে ইন্টারনেটে সংযুক্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।
দ্রুত গতির ইন্টারনেট সেবা এবং খুব সহজে লোকাল তথ্য ও সেবা পাওয়াই মূলত ইউসি ব্রাউজারের জনপ্রিয়তার প্রধান কারণ হিসেবে ধরছেন বিশেষজ্ঞরা।
আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের প্রধান ইয়্যু উংফু বলেন, ‘ইউসি ব্রাউজারের ওয়ান স্টপ সার্ভিস, সহজলভ্যতা এবং বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মোবাইল লাইফ স্টাইলকে নতুন রূপ দেওয়ার মাধ্যেমেই ইউসি বিশ্বের প্রধান দুটি জনপ্রিয় মোবাইল ব্রাউজারের একটি হয়েছে। তিনি আরো বলেন,‘ ভবিষ্যতে আরো বিশেষ কিছু স্থানে সেবার মাধ্যমে নতুন ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর যাত্রা অব্যাহত থাকবে।’

সারা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ বাস করে চীন, ভারত এবং ইন্দোনেশিয়ায়। এ তিন দেশের উঠতি মার্কেটের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্য দুটি দেশ বাংলাদেশ এবং পাকিস্তানেও আশাব্যঞ্জক হারে ইউসি ব্রাউজারের ব্যবহারকারী বেড়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন ১০০ জন ইন্টারনেট ব্যবহারকারীর ২৫ জন ইউসি ব্রাউজার ব্যবহার করেন।
এ অর্জন উপলক্ষে নিউইয়র্কের টাইমস স্কয়ারে ইউসি এক অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে একটি বড় পর্দায় দেখা যায় ইউসি ব্রাউজার বলছে `Hi, Chrome’|
ইউসি ব্রাউজারের বিশেষ ক্ষমতা হলো- ক্লাউডভিত্তিক ব্রাউজিং সিস্টেম, যা সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ইন্টারনেট সাশ্রয় করতে পারে। এ ছাড়া ওয়েব পেজ কম্প্রেস করে দ্রুত পেজ লোডিং, স্থানীয় কন্টেন্টের মাধ্যমে দ্রুততর সেবা এবং ফাস্টার ডাউনলোড স্পিড ইউসি ব্রাউজারের অন্যতম বৈশিষ্ট্য। গত ডিসেম্বরে ইউসি ব্রাউজার ১০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক অর্জন করে ফেসবুক, টুইটার, ইউটিউবের পাশাপাশি এলিট গ্রুপ অফ অ্যাপসে স্থান করে নেয়।