সিসি নিউজ: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় স্লিপ প্রকল্পের বনায়ন ও লোক নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা যায়, জেলার কিশোরগঞ্জ উপজেলার এলজিইডি’র স্লিপ প্রকল্পের আওতায় ভাংরিপাড়া-বড়ভিটা সড়কে বাস্তবায়নাধীন ৩ কিলোমিটার এলাকায় ৩ হাজার চারা গাছ লাগানো হয়। কোন প্রকার জৈব ও রাসায়নিক সার ছাড়াই মাত্র ২/৩ টাকা মুল্যের চারা দিয়ে বৃক্ষরোপন করায় এবং কোন পরিচর্যা না থাকায় গাছের রোপিত চারাগুলো মারা যেতে বসেছে। প্রকল্প এলাকার অর্ধেক চারা গাছ মরে গিয়ে এখন লাকড়িতে পরিনত হয়েছে। এমনি নানা কারনে এ কর্মসুচী মুখ থুবড়ে পড়েছে। এমনি নানা কারনে ওই প্রকল্পের কোন সুফল পাচ্ছেনা এলাকাবাসী চারা গাছের রক্ষনাবেক্ষনের ব্যাপারে এলাকাবাসী শফিউর, জাহিদ ও অলিউর জানান, শুকনোকালে গাছের গোড়ায় পানি না দেয়ার কারণেই গাছগুলো মারা গেছে। এদিকে ৩ কিলোমিটার রাস্তায় ৩ জন শ্রমিক নেয়া হয়েছে কোন প্রকার ঢোল-শহরত ও মাইকিং ছাড়া। উপজেলা প্রকৌশলী মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে ৩জন শ্রমিককে নিয়োগ দেন বলে অভিযোগে প্রকাশ। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর ও বড়ভিটা ইউনিয়নের কোন ইউপি সদস্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না বলে তারা দাবী করেন। এ ব্যাপারে সদর ইউপি সদস্য আশরাফ আলী জানান, এ নিয়োগের যাচাই বাচাই ও লটারীর বিষয়ে আমরা কিছুই জানিনা। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী কেরামত আলী তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে জানান, নিয়ম মোতাবেক মহিলাদের নিয়োগ দেয়া হয়েছে।