সিসি নিউজ: আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে নীলফামারী জেলার দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় প্রতীকের এই নির্বাচন ঘিরে মেয়র পদের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পাটি, জাসদ (ইনু) ও জামায়াত তাদের প্রার্থী চুড়ান্ত করেছে। তবে জামায়াতের পক্ষে দলীয় পরিচয়ে নয় স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছে বলে দলীয় সুত্র নিশ্চিত করেন।
দলীয় সুত্র মতে জানা যায়, জেলার জলঢাকা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর, বিএনপির ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, জাতীয় পাটির শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী, জাসদ (ইনু) অধ্যাপক আজিজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী জামায়াতের পৌর আমীর মকবুল হোসেনের দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে।
জেলার সৈয়দপুর পৌরসভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, বিএনপির আমজাদ হোসেন সরকার ভজে, জাতীয় পাটির জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী জামায়াতের পৌর আমীর হাফেজ গোলাম মুন্তাকিম এর দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে।
অপরদিকে জলঢাকা পৌরসভার বর্তমান মেয়র উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন বাবলু গত ২৫ নভেম্বর রাতে আওয়ামীলীগের মেয়র প্রার্থী হতে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন কৃষকলীগে যোগদান করেন। সর্বশেষ আওয়ামীলীগের দলীয় প্রার্থী নির্বাচনে তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন। বাবলুর একটি ঘনিষ্ট ও জাপার একটি সুত্র জানায়, তিনি পুনরায় জাতীয় পার্টিতে ফিরে গিয়ে জাপার মনোনয়ন পেতে শেষ চেষ্টা এখনো চালাচ্ছেন। এখানে ব্যর্থ হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেয়র পদে প্রার্থী হবেন।
নির্বাচন অফিস সুত্র মতে, আজ বুধবার বিকাল পাচটা পর্যন্ত কোন প্রার্থী মেয়র পদে মনোনয়পত্র জমা দেয়নি। তবে সৈয়দপুরে শুধুমাত্র একজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। ৫ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাছাই বাছাই, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।