রাজশাহী: অতিরিক্ত মদ্যপানে মারা গেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া রাজশাহী বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র প্রার্থী বাবলু হোসেন। তিনি বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়লে মেয়র প্রার্থী বাবলু হোসেনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে তাকে রামেকের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
আড়ানী পৌরসভার আওয়ামী লীগের একাধিক নেতা জানান, বাবলু হোসেন নিয়মিত একজন মদ্যপায়ী। সম্প্রতি তিনি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নিয়েছেন। কিন্তু সেখান থেকে বের হওয়ার পরে তিনি আবারো মদে আসক্ত হয়ে পড়েন।
সর্বশেষ বুধবার রাতে রাজশাহী থেকে দলীয় মনোনয়ন আনার পর সঙ্গী-সাথীদের নিয়ে মদ্যপান করেন বাবলু হোসেন। ভোরে তার শারীরীক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন বাঘা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান তাকে রামেক হাসপাতালে পাঠিয়ে দেন।
মেয়র প্রার্থী বাবলুর স্ত্রী দিপালী বেগম বলেন, ‘আমার স্বামী মদ্যপান করেন। তবে বুধবার রাতে মদ পান করেছেন কি না সেটা আমার জানা নেই।’
রামেক হাসপাতালের আইসিইউ এর ইনচার্জ ডা. গোলাম মোস্তফা জানান, বাবলুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়। বেলা পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তবে অন্য কোনো কারণেও মৃত্যু হয়েছে কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।’