সিসি নিউজ : পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ চত্বরে আয়োজন করেছে ইসলামী বইমেলা। রোববার মেলার উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শহিদুজ্জামান। পুরো রবিউল আউয়াল মাস জুড়ে এ মেলা চলবে ।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই বইমেলা। এবারের মেলায় ৫৯টি স্টল রয়েছে।
মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসের বইসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বই রয়েছে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস বই বিক্রি করা হবে।
বইমেলা উদ্বোধন শেষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শহিদুজ্জামান বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. অহিদুল ইসলাম, প্রকাশনা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম, দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক এ এ এম সিরাজুল ইসলাম প্রমুখ।