সিসি নিউজ: সৈয়দপুরে ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় সৈয়দপুর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকা ইফফাত। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক ও সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগম। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিকবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুলতান মাহবুব, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান, শারীরিক শিক্ষক, সুধীজন, আমন্ত্রিত অতিথি, সাংবাদিকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।