সিসি নিউজ: অর্থমন্ত্রণালয় জানিয়েছে, নতুন পে-স্কেল অনুযায়ী গত জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন ডিসেম্বর মাসের বেতনের সাথে এবং সেপ্টেম্বর-নভেম্বর মাসের বকেয়া বেতন জানুয়ারি মাসের বেতনের সাথে দেয়া হবে।
সরকারি চাকুরেরা মহার্ঘ্য ভাতা হিসাবে মূল বেতনের ২০ শতাংশ হারে অতিরিক্ত যে অর্থ পেয়ে আসছিলেন, বকেয়া দেওয়ার সময় তা সমন্বয় করে নেওয়া হবে।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিসভায় অনুমোদনের তিন মাস পর মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয় থেকে অষ্টম বেতন কাঠামোর এই গেজেট প্রকাশ করা হয়। এর ফলে দেশের ২১ লাখ সরকারি কর্মী নতুন কাঠামোয় তাদের ডিসেম্বর মাসের বেতন তুলবেন জানুয়ারির শুরুতে।
অষ্টম বেতন কাঠামোতে ২০টি গ্রেডের মধ্যে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ৮২৫০ টাকা। যাতে বেতন বেড়েছে গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও এদের সমমর্যাদার পদের বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিব ও সমমর্যাদার পদের বেতন ৮২ হাজার টাকা নির্ধারিত থাকছে।
বিদ্যমান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলোপ করে গেজেটে বলা হয়েছে, এখন থেকে প্রতি বছরের ১ জুলাই একসঙ্গে সব সরকারি কর্মচারীর বেতন বাড়বে।