সিসি নিউজ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ ভোটারদের উদ্দেশ করে বলেছেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যান। নির্বাচন পরিচালনায় কোনো দায়িত্বরত কর্মকর্তা অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন।
কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে। কোনো ধরনের অনিয়ম হবে না।
তিনি বলেন, অনিয়মের কারনে ইতিমধ্যে দুজন রিটার্নিং কর্মকর্তা, বেশকিছু থানার ওসি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার সমর্থকরা ভোট গ্রহণে অনিয়মের চেষ্টা করলে দায়িত্বরত কর্মকর্তারা কঠোর ব্যবস্থা নিবেন এবং সঙ্গে সঙ্গে কমিশনকে জানাবেন, সে নির্দেশও তাদের দেওয়া হয়েছে।’
পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমন আশা প্রকাশ করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করি উৎসবমুখর পরিবেশ ভোট হবে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যান। আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছি।
সিইসি বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। আশা করি আরও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে। সকলের অংশগ্রহণে এ পৌরসভা নির্বাচন সম্পন্ন হবে।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, আমার জানামতে আমরা কোনো অন্যায় কাজ করিনি।
নির্বাচন পর্যবেক্ষকদের প্রসঙ্গে সিইসি বলেন, প্রচুর পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা অনুমতি দিয়েছি। সবই আমাদের দেশি পর্যবেক্ষক। একটি বিদেশি পর্যবেক্ষক সংস্থা শেষ সময়ে আবেদন করেছিলেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। সরকার যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তবে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন।
সিইসি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১৯১ জনকে ১০ লাখ ২৬ হাজার তিনশ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।