গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ পৌরসভায় ওয়ার্কার্স পার্টির মেয়রপ্রার্থী মতিন মোল্লাকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।
গোবিন্দগঞ্জ মহিলা কলেজ কেন্দ্র থেকে ভোট কারচুপির অভিযোগ তোলায় বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনকালে মতিন মোল্লা অভিযোগ করে বলেন, পৌর এলাকার ৭, ৯, ১ ও ৫নং কেন্দ্রে ব্যাপক কারচুপি হচ্ছে। ওই কেন্দ্রগুলোতে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে। এ কথা বলায় উপস্থিত নৌকা প্রতীকের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে তাকে ধাওয়া করে কেন্দ্র থেকে বের করে দেয়।
এ সময় ওই কেন্দ্রে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটকেন্দ্রে প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড গুলি ছোড়ে।
রিটার্নিং অফিসার শাহীনুর ইসলাম প্রামাণিক জানান, কারচুপির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সব কেন্দ্রে নিয়োজিত সংশ্লিষ্টদের বিষয়টি অবগত করা হয়েছে। তবে সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।