রংপুর: চোর সন্দেহে গণপিটুনিতে রংপুরের গঙ্গাচড়ায় সালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। নিহত সালাম গাইবান্ধার স্যাদুল্লাপুর এলাকার বাসিন্দা। অন্যদের নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নীলকচন্ডি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী জানান, সালাম, মশিউর রহমান ও মালেক নামে তিন ব্যক্তি ওই গ্রামে ঢুকে গরু চুরি করে নিয়ে যাবার সময় এলাকাবাসি তাদের আটক করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত ঘোষণা হয়। অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশি পাহারায় তাদের চিকিৎসা চলছে।