সিসি নিউজ: ভোট কারচুপির অভিযোগে স্থগিত হওয়ায় নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৪টি কেন্দ্রে মঙ্গলবার ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে নির্বাচনের প্রয়োজনী সামগ্রী ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নির্বাচন কমিশন ও আইন-শৃংঙ্খলা বাহিনী।
সৈয়দপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন জানান, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এই পৌরসভায় ২৮টি ভোট কেন্দ্রের ফলে বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ভজে ২৫ হাজার ৮২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকনের ভোট সংখ্যা ১৯ হাজার ৯৫৯ ভোট।
সৈয়দপুর পৌরসভার নির্বাচন অফিস সুত্র মতে, ধানের শীষ প্রতীকের সঙ্গে নৌকা প্রতীকের ভোটের ব্যবধান ৫ হাজার ৮৬৪। স্থগিত চারটি ভোট কেন্দ্রে ভোটার রয়েছে ১০ হাজার ৪১৮। এর মধ্যে মুসলিম উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৪৫৩, ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ১০৫, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৫৪৬ ও গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩ হাজার ৩১৪।
স্থগিত ওই চারটি ভোট কেন্দ্রের ১২ জানুয়ারী ভোট গ্রহনের পর মেয়র তিনজন সাধারন কাউন্সিলর ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলার চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে। এ জন্য চারটি কেন্দ্রের ভোট গ্রহনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।
স্থগিত ৪ কেন্দ্রের ভোটের উপর নির্ভর করছে আগামী পাঁচ বছরের নগর পিতা। তাই তো নিজেদের অবস্থা ধরে রাখতে মরিয়া এই দুই মেয়র প্রার্থী।