সাতক্ষীরা : সাতক্ষীরায় মোস্তফা হাসানুজ্জামান নামের এক এনজিও কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকার বাসায় এ ডাকাতি হয়। ডাকাতরা ওই এনজিও কর্মকর্তার মা ও মেয়েকে মারধর করে অস্ত্রের মুখে নগদ ২০ হাজার টাকা, প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, দামি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। মোস্তফা হাসানুজ্জামান বেসরকারি সংস্থা সুশীলনের সহকারী পরিচালক।
হাসানুজ্জামানের সহকর্মী মনির হোসেন জানান, মোস্তফা হাসানুজ্জামান ক্যান্সারের চিকিৎসার জন্য বর্তমানে স্ত্রীকে নিয়ে চেন্নাই অবস্থান করছেন। বাড়িতে তার মা ও মেয়ে ছিল। রাতে একদল সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে তাদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ২০ টাকা, সাড়ে ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, দামি মোবাইল ফোনসহ বাড়ির মূল্যবান দলিলপত্র লুট করে নিয়ে গেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।