বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ট্রাকচাপায় রফিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং এক নারী আহত হয়েছেন।
সোমবার সকাল ১১টার দিকে পৌর শহরের এরশাদ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত নারীর নাম পেয়ারি বেগম। তিনি নিহত রফিকুলের ছোট ভাইয়ের বউ। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি রংপুর নগরীর কামারপাড়া মহল্লায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাদি মারা যাওয়ায় খবর পেয়ে পেয়ারি বেগমকে নিয়ে রংপুর থেকে বদরগঞ্জ যাচ্ছিল রফিকুল। সকাল ১১টার দিকে পৌর শহরের এরশাদ ব্রিজ সংলগ্ন এলাকায় বদরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক (যশোর ট-১১০৯০৩) মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত এবং পেয়ারি বেগম আহত হন। পেয়ারিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হলেও ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।



