ঢাকা : দেশের ভূমিহীনদের জমি এবং গৃহহীনদের বিনামূল্যে ঘর দেবে সরকার। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ গৃহহীন ও ভূমিহীনদের খুঁজে বের করে তাদের জন্য খাস জমিতে গৃহনির্মাণ ও ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সোমবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত বিভাগীয় কমিশনারদের সভায় একথা বলেন মন্ত্রী।
সভায় মন্ত্রী ঢাকা জেলা বাদে সারাদেশের ৬০ জেলার ৪৩২ উপজেলার পরিসংখ্যান তুলে ধরেন। এর মধ্যে ১০ লাখ ৫১ হাজার ৮৩১ জন ভূমিহীন, ২ লাখ ৫২ হাজার ৭৯০ জন গৃহহীন এবং জমি আছে কিন্তু থাকার জন্য ভালো ঘর নাই এমন ১ লাখ ৫০ হাজার ৮৫৫ জনকে বরাদ্দযোগ্য খাস জমিতে পুনর্বাসন ও বন্দোবস্ত প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মধ্যে ভূমি সচিব মেছবাহ উল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আ. জলিল, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, এ কে এম ফজলুল হক, যুগ্ম সচিব সিরাজুল ইসলাম ও সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারগণ উপস্থিত ছিলেন।