বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিককে বিরামপুরে অবাঞ্চিত ঘোষণার প্রতিবাদে উপজেলা যুবলীগ, পৌর আওয়ামীলীগ, পৌর ছাত্রলীগ ও শ্রমিক লীগ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেছে।
জাহানারা কন্ফারেন্স সেন্টারে লিখিত বক্তব্য পাঠ করেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এসময় বিভিন্ন প্রশ্নের জবাবদেন, পৌর আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন সরদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, পৌর ছাত্রলীগ আহবায়ক গোলাম মর্তুজা, শ্রমিকলীগ সভাপতি সাবেকুল ইসলাম মাষ্টার ও শফিরুল ইসলাম মাষ্টার।
বক্তব্যে বলা হয়, সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী কোন জাতীয় সংসদ সদস্য কিংবা মন্ত্রী পৌরসভা নির্বাচনে প্রচারণার কাজে ও নির্বাচনী সভায় অংশগ্রহণ করতে পারবেনা। সে অনুযায়ী বিরামপুর পৌরসভা নির্বাচনে এম,পি শিবলী সাদিক কোন প্রকার নির্বাচনী প্রচার ও সভায় অংশগ্রহণ করেনি। বরং নৌকা প্রতিককে বিজয়ী করার জন্য এমপি আর্থিক সহায়তা দিয়েছেন।
ঐ টাকা নির্বাচনী কাজে ব্যয় না করে নেতারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। ফলে সাধারণ কর্মী-সমর্থকরা ক্ষোভে পড়ে অন্য প্রার্থীকে ভোট দেওয়ায় নৌকার পরাজয় ঘটেছে। উল্টো পরাজয়ের দায়ভার এমপির উপর চাপিয়ে তাকে স্থানীয় আওয়ামীলীগ এমপিকে অবাঞ্চিত ঘোষণার প্রয়াস দেখিয়েছে।
সাংবাদিক সম্মেলন থেকে এর তীব্র প্রতিবাদ ও জামায়াত-বিএনপি’র মদদপুষ্ট আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন সৎ, যোগ্য, নিষ্ঠাবান, জনপ্রিয় ও জননন্দিত গণ মানুষের আস্থাভাজন নেতা এম,পি শিবলী সাদিক-কে হেয় করার জন্যই এই ষড়যন্ত্র। এর তীব্র প্রতিবাদ ও নিন্দ্বা জানানো হয় সংবাদিক সম্মেলনে।