রংপুর : জেলার মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রলির সংঘর্ষে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। শ্রমিকরা সবাই ট্রলির যাত্রী।
মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন বাসযাত্রী। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতরা হলেন— উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সেরুডাঙ্গা গ্রামের লাচ্ছু মিয়ার ছেলে মিঠু (২৫), একই এলাকার ইউনুস আলীর ছেলে টিটুল হোসেন (২৭) ও আব্দুল খালেকের ছেলে রাশেদুল ইসলাম (২৭)।
প্রত্যক্ষদর্শী জিতু কবিরের বরাত দিয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাসের সঙ্গে উপজেলার জায়গীরহাট শাপলা কোল্ডস্টোরেজের সামনে একটি কাঠবোঝাই ট্রলির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।