হিলি প্রতিনিধি : হিলি সীমান্তের চেংগ্রাম ও বুয়ালদাড় বাজারে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩১৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সদস্যরা।
বুধবার ভোররাতে তাদের আটক করা হয়্ পরে সকালে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন হাকিমপুর উপজেলার চেংগ্রামের বেলায়েত হোসেনের ছেলে আনিছুর রহমান (৩২) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গড়াই গ্রামের আব্দুল লতিফের ছেলে মতিয়ার রহমান (৩২)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান জানান, র্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা বুধবার ভোররাতে উপজেলার চেংগ্রামে অভিযান চালিয়ে ২০৬২ পিস ইয়াবাসহ আনিছুর রহমানকে তার বাড়ি থেকে এবং বুয়ালদাড় বাজারে অভিযান চালিয়ে ১১০৮ পিস ইয়াবাসহ মতিয়ার রহমানকে আটক করে। পরে র্যাব সদস্যরা সকালে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করে। এ ঘটনায় র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ডিএডি রেজাউল করিম ও সোহরাব হোসেন পৃথক দুটি মামলা করেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।