সিলেট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট পৌঁছছেন। বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। এরপর বেলা সোয়া ১২টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।
শাহজালালের মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শাহপরানের মাজার জিয়ারত করবেন। এরপর মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগ দেবেন।
এছাড়া সিলেট সার্কিট হাউজে মধ্যহ্নভোজে অংশ শেষে বিকেলে নগরীর আলিয়া মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে তিনি সিলেটের বেশ ক’টি উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের ড. এমএ ওয়াজেদ মিয়া আইসিটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, সিলেট এপিবিএন’র ব্যারাক ভবন, সিলেট জেলা ওসমানী নগর থানা ভবন, মাছিমপুর এলাকার সুরমা নদীর তীরে নির্মিত ওয়াকওয়ে, এমসি কলেজ মাঠের সীমানা প্রাচীর ও গেইট, সিলেট শহীদ শামসুদ্দিন আমহমদ হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবন।
এছাড়া সিলেট আউটার স্টেডিয়াম, খলনাপুর বাজার জিসি-পৈলানপুর-বালাগঞ্জ জিসি সড়ক উন্নয়ন, হরিপুর জিসি-গাছবাড়ি জিসি সড়ক উন্নয়ন (কানাইঘাট অংশ), মৈয়াখালী বাজার আর অ্যান্ড সুইচ (বারো হাল ইউপি অফিস), তারা হাঁটুবিল মাদ্রাসা সড়ক উন্নয়ন, নারী পুলিশ ডরমেটরি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকাজ, শাহপরান থানা ভবন নির্মাণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা অফিস নির্মাণ, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন নির্মাণ, তামাবিল চুনাপাথর স্টেশন নির্মাণ, হজরত গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজারে ৩ তলা বিশিষ্ট মসজিদ, মহিলা এবাদতখানা ও সংযোগ সড়কের নির্মাণকাজ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ এবং সিভিল সার্জন, সিলেট কার্যালয় ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে গত বছরের ১২ ডিসেম্বর সিলেট আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। পরে তারিখ পরিবর্তন করে চলতি বছরের ৭ জানুয়ারি সিলেট সফরে আসার কথা ছিল তার। কিন্তু, আসা হয়নি। অবশেষে আজ সিলেটে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।