সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণকেন্দ্রে হামলা চালিয়ে অফিস ভাঙচুর এবং প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সৈয়দপুর শহরের টেকনিক্যাল কলেজপাড়ায় দুই দিন থেকে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। এদিন সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের সমস্যার কথা জানাতে বিদ্যুৎ বিভাগ ও বিতরণ বিভাগের অফিসে যান। বিক্ষুব্ধরা কথা কাটাকাটির এক পর্যায়ে ওই এলাকার দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী মো. আরিফুর রহমানকে লাঞ্ছিত করেন। এ সময় তারা অফিসের টেবিল ও জানালার গ্লাস ভাঙচুর করেন। এতে সেখানে চরম উত্তেজনা দেখা দেয়।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ রকম অনভিপ্রেত ঘটনা ঘটে। উভয়পক্ষের আলোচনার মধ্য দিয়ে বিষয়টির সুরাহা হয়েছে।