সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় সৈয়দপুর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ শুক্রবার ভোর রাতে সৈয়দপুর বাইপাস সড়কের বাটু সরকারের মোড় নামক স্থানে। আহত পুলিশ সদস্যরা হলেন মোকাদ্দেস, শাহিন ও আতাউর।
থানা সূত্রে জানা যায়, সৈয়দপুর থানার এসআই কার্তিক চন্দ্র রায়ের নেতৃত্বে নিয়মিত টহল পুলিশের একটি দল অটোরিক্সায় বাইপাস সড়কে টহলে নিয়োজিত ছিল। ভোর ৪টার দিকে টহল পুলিশের ওই দলটি বাইপাস মহাসড়কের ওয়াপদা মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়ার পথে বাটু সরকারের মোড় নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক্টর সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে টহল পুলিশের ইনচার্জ সহ তিন পুলিশ সদস্য আহত হয়।
খবর পেয়ে শহরের জরুরী টহল পুলিশের দলটি সৈয়দপুর টার্মিনাল সংলগ্ন পার্বতীপুর মোড় থেকে ট্রাক্টরসহ চালক শাহিনুরকে আটক করে। আটক ট্রাক্টর চালক দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কালিহাতির আব্দুস সাত্তারের পুত্র।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা সিসি নিউজকে নিশ্চিত করেছেন।