মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী,(দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিজয়ী সৈনিক মতিউর রহমান সংসার জীবনে একেবারে পরাজিত। তার সহায় সম্বল বলতে কিছুই নেই। নেই থাকার মতো বাড়ীর জায়গাও। জীবনের অধিকাংশ সময় জীবিকা নির্বাহ করেছেন পত্রিকা বিক্রি করে। এখন প্যারালাইস্ড হয়ে পড়ে থাকায় তার পরিবার চলছে অনাহারে অর্ধাহারে।
মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান এর স্ত্রী মোছাঃ মমেনা বেগম জানায়, তার স্বামী মোঃ মতিউর রহমান ৩মাস আগে হৃদরোগে আক্রান্ত হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে ১০দিন চিকিৎসা করার পর বাড়ীতে নিয়ে আসেন। এর কিছুদিন পরে আবারো সে হৃদরোগে আক্রান্ত হয়। তখন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় সে প্যারালইস্ড এ আক্রান্ত হন। এখন সে হাটতে পারেনা এমনকি কথাও বলতে পারেনা। তাকে চিকিৎসা করার মতো তার কোনো আর্থিক সংগতি ও নেই। ফলে বিনা চিকিৎসায় এখন মৃত্যুর প্রহর গুনছেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। মোঃ মতিউর রহমান মাননীয় প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাত করেছিলেন ১৯৯৬ সালে। সেই সময় তাকে মোয়াজ্জেম পদে চাকুরী ও একটি বাড়ি দেওয়া কথা বলেছিলেন। কিন্তু দুঃখের বিষয় ১৯ বছর গত হয়ে গেল অনেক ঘুরাঘুরি করার পরও চাকুরী কিংবা বাড়ী কিছুই পাননি। বর্তমানে মানুষের জায়গায় একটি ছোট্ট কুটরি বানিয়ে পরিবার পরিজন নিয়ে কোন রকমে জীবন যাপন করছে। তার পুত্র ১৭-১০-২০১৫ ইং তারিখে বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে চাকুরীর জন্য আবেদন করেন এবং মৌখিক পরীক্ষাও দেন। এ চাকুরীটি পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে পড়েছেন। কারণ মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমানের পরিবারে উপার্জনের কোন ব্যক্তি নেই। এজন্য তার স্ত্রী মোছাঃ মমেনা বেগম বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এর চিকিৎসার জন্য ও তার পুত্রের চাকুরির জন্য মাননীয় প্রধান মন্ত্রীর আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
গলায় ফাঁস দেওয়া আদিবাসীর মৃতদেহ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রোববার সকাল ১১টায় উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর গ্রামের নিতাই কর্মকার (৬৫) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেয়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নিতাই কর্মকার শিবনগর গ্রামের ঈশ্বরচন্দ্র কর্মকারের ছেলে। ফুলবাড়ী থানার ওসি মোঃ মোকছেদ আলী জানান স্থানীয় বাসিন্দাদের নিকট খবর পেয়ে তিনি ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ আব্দুর রহমান ও এসআই আক্কাস আলীকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। তারা সেখানে গিয়ে ঈশ্বর চন্দ্র কর্মকারের বাড়ীর ঘর থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় নিতাই চন্দ্র কর্মকারের মৃতদেহ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেন। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মোঃ মোকছেদ আলী জানান। তিনি আরও জানান তদন্ত সাপেক্ষে বলা যাবে হত্যা না আত্বহত্যা। এই ঘটনার বিষয়ে তার পুত্র শ্রী পরিমল চন্দ্রর সাথে কথা বললে তিনি জানান এ বিষয়ে আমি কিছুই জানিনা।