দিনাজপুর: ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অপরদিকে বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি ইমামুল হক এবং ডিএস সিন্ধু বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলীর হাতে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি তুলে দেন।
এ সময় উভয় বাহিনীর সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক আলমগীর হোসেনসহ দু-বাহিনীর সদস্যরা।
অপরদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের ১৯৯-পতিরাম ব্যাটালিয়ন কমান্ডার ও হিলি বিএসএফ কোম্পানি কমান্ডারের জন্য মিষ্টি উপহার দেওয়া হয়।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফ সদস্যরা বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছে। বিজিবির পক্ষ থেকেও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়।
তিনি জানান, সীমান্তে দায়িত্বপালনরত দু-দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে একে অপরকে মিষ্টি উপহার দেওয়া হয়ে থাকে।
এদিকে, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সবধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের সকল কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বুধবার সকাল থেকে ফের বন্দর দিয়ে দু-দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হবে।