দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. রাজিব হাসান সুমন (৩২) নিহত হয়েছেন।
সোমবার (৮ ফেব্রুয়ারী) ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের রাঙ্গামাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব সিরাজগঞ্জের চৌহানী গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি একটি মোবাইল কোম্পানীর মার্কেটিং অফিসার ও দিনাজপুর উপশহরে ভাড়া বাড়িতে বসবাস করতেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী ও কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ফুলবাড়ী উপজেলায় যাওয়ার পথে রাঙ্গামাটি নামক স্থানে পৌঁছলে রাজিবের মোটরসাইকেলের একটি চাকা ফেটে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত অভিমুখি একটি টেম্পুর সাথে ধাক্কা লাগে। এতে রাজিব আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের শোক ঃ দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. রাজিব হাসান সুমনের মৃত্যুতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর পৌর কমিটির আহবায়ক বখতিয়ার আহম্মেদ কচিসহ পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।