লক্ষ্মীপুর: পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজের ছয়দিন পর লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগ নেতা রাসেলের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
গত ৩ ফেব্রুয়ারি ভোলাকোট মানিক মিয়ার ইটভাটা সংলগ্ন দেবনগর এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ হন রাসেল।
জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টায় রামগঞ্জ থানা পুলিশের এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দেবনগর ও ভোলাকোটে টহল দেয়ার সময় যুবলীগ নেতা রাসেল ইটভাটা সংলগ্ন রাস্তা দিয়ে মোটরসাইকেলে আসার সময় তার গতিরোধ করে।
এ সময় রাসেল মোটরসাইকেল রেখে দৌড় দিলে পেছন থেকে পুলিশ ধাওয়া করে। এর পরদিন দেবনগর মাঠে রাসেলের গায়ের জামাকাপড় পাওয়া গেলেও তিনি নিখোঁজ ছিলেন। পরে তার পরিবারের পক্ষ থেকে রবিবার রাতে রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।