ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য এ নির্বাচন হবে ছয় ধাপে।
প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী ২২ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ।
এরপর দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৭১০ টি ইউপিতে, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ৭১১ টিতে, চতুর্থ ধাপে ৭ মে ৭২৮টিতে, পঞ্চম ধাপে ২৮ মে ৭১৪টিতে এবং ষষ্ঠ ধাপে ৪ জুন ৬৬০ টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
দেশে বর্তমানে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪২৭৯টি। সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল ২০১১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত। তখনও কয়েক দফায় নির্বাচন সম্পন্ন করা হয়েছিল।