আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): বীরপ্রতিক খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা তারামন বিবি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘ দিনের শ্বাস কষ্ট ও কাশিঁ তাকে কাবু করে ফেলেছে। সোমবার সকালে তার অবস্থা আরও খারাপ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে বলে পারিবারিক সুত্রে জানান। সোমবার সকালে তার বাড়িতে খোজঁ খবর নিতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে খোজ নিলে তার ছেলে আবু তাহের জানান,তার অবস্থা খুবই খারাপ। সে কথা বলতে পারছেনা। করুন কণ্ঠে আবু তাহের জানান, তার মাকে যেন সরকার প্রয়োজনে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা দেন।
পারিবারিক সুত্রে আরও জানান, বীর প্রতিক তারামন বিবি ইতিপূর্বে রংপুর সিএইচএমে চিকিৎসা নিতেন। যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় তিনি সেখানে যেতে চায়নি। বিষয়টি সেখানে জানানো হয়েছে। গত কয়েক দিন তাকে বাড়িতেই চিকিৎসা দিয়েছেন রাজিবপুর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার দেলোয়ার হোসেন। এরপর অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।
উল্লেখ্য কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কাচারী পাড়া গ্রামে বসবাস করেন তারামন বিবি। তার স্বামী আব্দুল মজিদ জানান, রাজিবপুর হাসপাতাল থেকে তাকে নিয়মিত চিকিৎসা দিতেন কতব্যরত ডাক্তার দেলোয়ার হোসেন। তার স্ত্রীর আরোগ্যের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তিনি।