নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বাঁশঝাড় থেকে এক তরুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুন হলেন, ওহাব মিয়া ওরফে নওশাদ (১৮)। সে জেলার কিশোরগঞ্জ উপজেলার কিসামত পীরের গ্রামের আব্দুল লতিফের ছেলে। রবিবার রাতে জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের কবিরাজের বাজার সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে লাশটি পুলিশ উদ্ধার করে। সেখানে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহতের পরিবারের দাবী, নিহত তরুন তার খালাতো বোনকে বিয়ে করতে চেয়েছিল। এতে মেয়ে পক্ষ রাজি না হওয়ায় অভিমানে ওহাব আত্মহত্যা করতে পারে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।