সাভার: ঢাকার অদূরে ধামরাইয়ে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টাকালে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাসুক নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোররাতে ধামরাই বাজারে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টাকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মাসুকের বাড়ি হাজী ওসমান গণি রোড এলাকায়। তার বাবার নাম লাল মিয়া।
আটকরা হলেন- সবুজ (৬২), শিলা (১৮), রুমানা (২৫) ও রিয়াজ উদ্দিন (৪৮) ও দশ বছর বয়সী এক শিশু। গত ৩ মাস আগে তারা ব্যাংকটির ওপরের ফ্লোরে নিজেদের পোশাক কারখানার চাকরিজীবী পরিচয়ে বাসা ভাড়া নেন।
র্যাব-৪ সূত্রে জানা যায়, রাতে সোনালী ব্যাংকের ওই শাখায় ভবনের ছাদ কেটে ব্যাংকের ভেতরে প্রবেশের চেষ্টা করে একদল ডাকাত। তারা ব্যাংকের ভল্ট বরাবর উপরের ফ্লোরের টাইলস তুলে কেটে ফেলে।
খবর পেয়ে রাত চারটার দিকে র্যাব-৪ এর সদস্যরা ভবনটি ঘিরে ফেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ব্যাংকের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় মাসুক নামে এক ডাকাত র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে মাসুক ঘটনাস্থলেই মারা যান। পরে দুই নারীসহ পাঁচ ডাকাত সদস্যকে আটক করা হয়।
র্যাব-৪ এর মেজর মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত তিন মাসে আগে তারা সোনালী ব্যাংকের ওই শাখার উপরের তলায় ভাড়া নেয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা ছাদ কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। শুক্র, শনি ও রবিবার সরকারি ছুটি থাকায় তারা এই সুযোগটি কাজে লাগাতে চেয়েছিল।
শুক্রবার সকাল আটটার দিকে র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।