হাসান মন্ডল, লালমনিরহাট : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ইউপি নির্বাচনে রাজাকার সন্তানকে প্রাথমিক ভাবে প্রার্থী ঘোষনা করায় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামীলীগ।
মঙ্গলবার বিকেল ৪টায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা মেডিকেল মোড়ে ঘন্টা ব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
টংভাঙ্গা ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা ইউসুব আলীর ছেলে রোস্তম আলী মানবন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, টাকার বিনিময়ে যাকে প্রাথমিকভাবে নৌকার প্রার্থী ঘোষনা করা হয়েছে সেই সেলিমের বাবাই মুক্তিযুদ্ধের সময় আমার বাবাকে (মুক্তিযোদ্ধা ইউসুব আলী) নির্মম ভাবে হত্যা করেছে। তাই প্রধানমন্ত্রীর নিকট আমার আবেদন যেন তাকে নৌকা প্রতিক দেওয়া না হয় ।
টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও নৌকার প্রার্থী নির্বাচন বোর্ডের সদস্য আব্দুল মজিদ মানববন্ধনে বলেন, আমরা ত্যাগী নেতা হিসেবে নৌকার প্রার্থী নির্বাচন করেছি আতিকে । কিন্তু কিছু অসাধু নেতাকর্মী রাতারাতি টাকার বিনিময়ে রাজাকার সন্তান সেলিমকে মনোনায়ন দিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছেন।
টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান আতি মানব বন্ধনে অভিযোগ করে বলেন, রাজাকার সন্তানের কাছ থেকে টাকা নিয়ে তাকে মনোনায়ন দেওয়ার চেষ্টা করছে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সরওয়ার হায়াত খান। এ দু’নেতা ৩০ লাখ টাকা নিয়ে নির্বাচন থেকে সড়ে আসার জন্যও আমাকে চাপ প্রয়োগ করছে। তাছাড়া সেলিম হোসেন কিছুদিন আগে আওয়ামীলীগে যোগ দিয়েছেন ।
মানবন্ধনে আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাসান মোহেদী অপন, নওদাবাস ইউপি চেয়ারম্যান ফজলুল হক, টংভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ প্রমুখ।
এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে টাংভাঙ্গা আওয়ামীলগের সদস্য একরামুল কাওসার তার ব্যাক্তিগত অফিসে প্রেস বিফিং করে সাংবাদিকের জানান, আমি দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগ করছি। আওয়ামীলীগ যদি আমাকে টংভাঙ্গা ইউনিয়নে প্রার্থী ঘোষনা না করে তবুও আমি নির্বাচন করবো।
এছাড়া মঙ্গলবার দুপুরে সানিয়াজান ইউনিয়নে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামীলীগ। তাদের দাবি বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এনায়েতুল্লাহকে বাদ দিয়ে নব্য আওয়ামীলীগ কর্মী হাসেম তালুকদারকে প্রাথমিক ভাবে মনোনিত করায় আমরা এর প্রতিবাদ করলাম।