লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি এনজিও প্রতিষ্ঠানের খাবার খেয়ে সদর হাসপাতালের কনসালটেন্ট ও মেডিকেল অফিসারসহ ১০ চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সদর হাসপাতালের ১৮ জন চিকিৎসককে নিয়ে ব্রাকের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে সবাইকে নাছির বিরিয়ানি হাউজের খাবার প্যাকেট সরবরাহ করা হয়।
ওই খাবার খেয়ে সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ইকবাল হোসেন, নাক কান গলা বিভাগের কনসালটেন্ট ওমর ফারুক খান, রেডিওলজির কনসালটেন্ট সালাউদ্দিন পাটওয়ারী, মেডিকেল অফিসার গনি আমিন, চিন্ময় সাহাসহ ১০ চিকিৎসক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর অসুস্থ ৩ কনসালটেন্ট ও মেডিকেল অফিসারসহ ১০ চিকিৎসকের চিকিৎসা চলছে।
জেলার সিভিল সার্জন ডা. মো: গোলাম ফারুক ভুঁইয়া জানান মঙ্গলবার সদর হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে যক্ষ্মা রোগ সম্পর্কিত একটি সেমিনারে ওই ঘটনা ঘটে।
তিনি জানান ওই সেমিনারে সদর হাসপাতালের চিকিৎসকরা ছাড়াও বেসরকারি ক্লিনিকের কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
দুপুরে অনুষ্ঠানের খাবার হিসেবে নাসির বিরিয়ানি হাউজ নামক একটি দোকান থেকে আনা বিরিয়ানি পরিবেশন করা হয় এবং তা খেয়ে কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থদের মধ্যে উপশম ক্লিনিকের আয়া পারুলের স্বামী মারা যান।
লক্ষ্মীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।