সাভার: সাভারের বিরুলিয়ায় এক নারী গার্মেন্টস শ্রমিককে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন সহোদরের বিরুদ্ধে। এ ঘটনায় দুই ভাইকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোররাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।
আটকরা হলেন বিরুলিয়া ইউনিয়নের খনিছ নগর এলাকার হানিফ মোল্ল্যার দুই ছেলে সাদ্দাম (২৩) ও রুবেল (২৮)।
পুলিশ বলছে, বিরুলিয়া এলাকার কৃষ্ণপুর এলাকার একটি গার্মেন্টসের এক নারী শ্রমিক ওই এলাকার একটি পরিবারের আপন তিন ভাইয়ের বিরুদ্ধে থানায় পালাক্রমে ধর্ষণের অভিযোগ দেন।
পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে রাতে তিন ভাইয়ের মধ্যে দু’জনকে কৃষ্ণপুর এলাকার নিজেদের চায়ের দোকান থেকে আটক করা হয়। বর্তমানে তাদেরকে সাভার মডেল থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে ওই নারী পোশাক শ্রমিক ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করিয়েছেন বলে অভিযোগ করেছেন আটককৃতদের পরিবার।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি ধর্ষণ না অন্য কিছু তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।