শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ২০ মণ জাটকাসহ একটি পিকাপ ভ্যান জব্দ করা হয়েছে। এসময় জব্দকৃত জাটাকার সাথে সম্পৃক্ত থাকায় মো. রুবেল খান (২০) নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেড় বছরের সাজা প্রদান হয়েছে। শনিবার ভোরে শহরের গাছতল ব্রীজ এলাকা থেকে জাটকাসহ তাকে আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানায়, পুলিশ সুপার শামছুন্নাহারের নির্দেশে জাটকা সংরক্ষন অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। একটি পিকআপ ভ্যানে করে ঢাকা যাত্রাবাড়ির উদ্দ্যেশে যাওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়। এ সময় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম ও এটিএসআই সুদর্শন কুড়ি সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তারা পিকআপ ভ্যানটি জব্দ করে। জব্দকৃত পিকআপ ভ্যানটি থেকে ৭ টি ব্যারেলে করে নিয়ে যাওয়া ২০ মণ জাটাকা ইলিশ আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।
আটক পিকআপ ভ্যানের হেলপার রুবেল খান জানায় এ মাছগুলো সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের গোবিন্দীয়া খা বাড়ীর মাছের আড়ৎদার মো. রুহুল আমিন খানের। এ জাটকা মাছগুলো আখনের হাট থেকে সে ঢাকা যাত্রাবাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো।
পরবর্তীতে আটককৃত মাছগুলো এতিমখানা ও অসহায় দুস্থদে মাঝে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শামছুন্নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, চাঁদপুর সদর মডেল থানার থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আলম সহ অন্যান্যরা। মডেল থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অফিসার ইনচার্জ মামুনুর রশিদ।