কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দু’পক্ষের৩ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ৩টি নির্বাচনী ক্যাম্প।
আহতরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আসিফ রেজা রুবেল (৩৯), আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাউর রহমান বাবুলের ছেলে হুসনে মোবারক (রনক) (২৮), স্বতন্ত্র প্রার্থী ( আওয়ামীলীগ বিদ্রোহী) মুনিরাম রায়ের সর্মথক ইশ্বানপুর গ্রামের মৃত ধনঞ্জয় রায়ের পুত্র সুব্রত রায় (৩৮)।
এদের মধ্যে আসিফ রেজা রুবেল ও রনক রহমান কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সুব্রত রায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার রামচন্দ্র ইউনিয়নের শ্বশান ঘাট এলাকায় সংঘর্ষের সুত্রপাত হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আতাউর রহমান বাবুল এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুনিরাম রায়ের সমর্থকরা বৃহস্পতিবার রাতে শ্বশান ঘাট এলাকায় প্রচারণা চালানোর সময় পরস্পরকে ভুয়া এবং নব্য আওয়ামীলীগার বলে দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে বেধে যায়। সংঘর্ষে দুপক্ষের ৩জন আহত হয়েছে। এ সময় আওয়ামীলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ভেন্ডাবাড়ী, মুটুনী এবং তেলেঙ্গী পাড়া এলাকায় আনারস প্রতিকের তিনটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে। ছিড়ে ফেলা হয় নির্বাচনী পোষ্টার। রাত ১২টায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
কাহারোল থানার ওসি মোঃ মনসুর রহমান তিন জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের ঘটনার পুরণাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন পক্ষেই মামলা দায়ের করেনি এবং কেউ আটক নেই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল আহতদের খোজ খবর নিতে রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। এবং তিনি আহতদের সু-চিকিৎসা দেওয়ার জন্য কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শ প্রদান করেন।