প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন যাবৎ বিজ্ঞানী ও গবেষকরা কীটপতঙ্গকে নিয়ন্ত্রণ করে মানবজাতির কাজে লাগানোর চেষ্টা করছে। আবার অনেকেই কীটপতঙ্গের আদলে রোবট তৈরি করার চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন।
দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে বিজ্ঞানীরা দূর থেকে কীটপতঙ্গকে নিয়ন্ত্রণ করে প্রয়োজনীয় কাজে লাগানোর ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছেন।
সম্প্রতি সিঙ্গাপুরের নানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলির একদল ইন্জিনিয়ার কৃত্রিম রোবট কীটপতঙ্গ তৈরির বদলে সাইবোরগ বিটলস নামের একটি পতঙ্গকে ড্রোনের বিকল্প হিসেবে তৈরি করেছে।
দলটি জানিয়েছে, ড্রোন যেসব কাজে ব্যবহৃত হয় সেসব কাজে এই পতঙ্গটিও ব্যবহার করা যাবে। তারা বিশেষ ব্যবস্থায় সাইবোরগ বিটলস নামের পতঙ্গটি নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছে এবং পতঙ্গটি সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছে।
ব্যয়বহুল ড্রোনের কাজ সাইবোরগ বিটলস নামের পতঙ্গটি দ্বারা পূরণ করা সম্ভব হলে উন্নয়নশীল দেশগুলোতে এটির ব্যবহার বাড়বে বলে নির্মাতারা মনে করছেন।
সূত্র: টেলিগ্রাফ