গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকায় গ্রাহকদের প্রায় ১০ কোটি টাকা নিয়ে একটি সমবায় সমিতি উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই সমিতির ক্ষুব্ধ গ্রাহকরা সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের অনুমোদন নিয়ে প্রায় ১১ বছর ধরে কালিয়াকৈরের সফিপুর বাজারে অফিস নিয়ে এম এ আজিজ আহম্মেদ ধানসিড়ি বহুমুখী সমবায় সমিতির কার্যক্রম চালিয়ে আসছেন। ইতিমধ্যে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১১ হাজার সদস্যের কাছ থেকে বিভিন্ন অঙ্কের সঞ্চয় সংগ্রহ করা হয়েছে। এতে কোনো কোনো সদস্যের দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জমা হয়েছে। সম্প্রতি গ্রাহকরা টাকা ফেরত চাইলে সমিতির সভাপতি এম এ আজিজের কথামতো গতকাল সমিতির অফিসে গিয়ে তারা তা বন্ধ পায়। পরে তাঁর মোবাইলে ফোন দিলে তাও বন্ধ পাওয়া যায়। এ সময় গ্রাহকদের টাকা নিয়ে সমিতির সভাপতি আজিজ পালিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ গ্রাহকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ এসে গ্রাহকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শিল্পী আক্তার নামের ওই সমিতির এক সদস্য জানান, তিনি একজন পোশাক শ্রমিক। ধানসিড়ি বহুমুখী সমবায় সমিতিতে তিন বছর মেয়াদে মাসে সাড়ে পাঁচ হাজার টাকা করে জমা রাখেন তিনি। গতকাল তাঁকে এক লাখ ৮০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে অফিসে এসে বন্ধ পান।
কালিয়াকৈর উপজেলা সমবায় কর্মকর্তা আবু মঈন রকিব আহম্মেদ জানান, বিষয়টি জেলা সমবায় কর্মকর্তা গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা মো. নুরুল আলমকে জানানো হয়েছে। পরে বিকেলে তাঁকে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সমিতির সভাপতি এম এ আজিজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম জানান, টাকা ফেরতের দাবিতে গ্রাহকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে গ্রাহকেদের বুঝিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়।