কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরের দিঘলকান্দী গ্রামের আলোচিত সবুজ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কুষ্টিয়া জজকোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর এই রায় ঘোষণা করেন।
রায়ের দণ্ডপ্রাপ্তরা হলেন দিঘলকান্দী গ্রামের আমির উদ্দীনের ছেলে রুবেল ও একই এলাকার মুরার ছেলে সুজন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর রুবেল ও সুজন মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশে সবুজকে বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে মিরপুর বাজারে পলিথিন কেনার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে মিরপুর রেললাইনের পাশে সবুজের লাশ পাওয়া যায়। এর পরদিন এই ঘটনায় নিহতের চাচা মনিরুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। পরে আসামিরা গ্রেফতার হলে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার বিধান মোতাবেক স্বীকারেক্তি জবানবন্দি দেন। পুলিশ আসামিদের কাছ থেকে ছিনতাই করা মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করে। আজ সাক্ষ্য ও তথ্য-প্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রুবেল ও সুজনকে ফাঁসির আদেশ দেন আদালত।
বাদীপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন কুষ্টিয়া আদালতের পিপি অনুপ কুমার নন্দী ও বাদীর ব্যক্তিগত আইনজীবী খন্দকার সিরাজুল ইসলাম।