সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় নিষিদ্ধ ২০ বোতল ফেনসিডিলসহ জটাধারী এক ভন্ড খাজাকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের একটি বগি থেকে ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। আটককৃত ভন্ড খাজাবাবা হলেন, আব্দুর রশীদ। সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার রেলওয়ে স্টেশন শালবাগান এলাকার মৃত. কমর উদ্দিন শেখ এর ছেলে। জানা যায়, আজ বুধবার খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর আপ সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর অভিমুখে আসছিল। সকাল সোয়া ৭ টার দিকে ট্রেনটি সৈয়দপুর স্টেশনের অদূরে দক্ষিণে বানিয়াপাড়া নামক স্থানে পৌঁছে। এ সময় ওই ট্রেনের ৫০০৭ নম্বর কোচের ‘খ’ বগিতে একটি লাল রংয়ের কাপড়ের ব্যাগ ও লাঠি হাতে চুলে জটাধারী এক খাজাবাবাকে দেখতে পান রেলওয়ে পুলিশ সদস্যরা। ওই ব্যক্তির গতিবিধি দেখে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পুলিশ সদস্যরা তাকে তার ব্যাগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তার কথাবার্তায় অসংলগ্ন মনে হয় এবং সে ওই ট্রেনের বগি থেকে সরিয়ে পরার চেষ্টা করে। এতে রেলওয়ে পুলিশের সন্দেহ বেড়ে যায়। এক পর্যায়ে পুলিশ তাঁর সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো ভারতীয় নিষিদ্ধ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও তাকে আটক করে। এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। মামলা নং-০১, তারিখ- ০২/০৩/২০১৬ইং। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম লুৎফর রহমান ভন্ড খাজাবাবার কাছ থেকে ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।