লালমনিরহাট প্রতিনিধি : অবিলম্বে লালমনিরহাট জেলাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবিতে শনিবার দুপুরে লালমনিরহাটে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এতে লালমনিরহাট সদর উপজেলাস্থ মোগলহাট স্থলবন্দর ও লালমনিরহাট বিমানবন্দর চালুর দাবি জানানো হয়।
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও লালমনি সচেতন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শহরের মিশন মোড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চেম্বার সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু ও চেম্বার অব কমার্সের পরিচালক রেজাউল কমির স্বপনসহ ব্যবসায়ীরা।
শেখ আব্দুল হামিদ বলেন, দেশের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হলে গড়ে উঠবে শিল্প-কলকারখানা। ফলে খুলে যাবে জেলার অর্থনীতির নতুন দিগন্ত। সৃষ্টি হবে প্রায় তিন-চার লাখ লোকের কর্মসংস্থান। এসব করা সম্ভব হলে দূর হবে বেকারত্ব। এজন্যই জেলাবাসীর প্রাণের দাবি লালমনিরহাটকে অবিলম্বে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা জরুরি।