সিসি নিউজ: সারাদেশের ১ কোটি ৩০ লাখ প্রাথমিক স্কুল ও মাদরাসার ইবতেদায়ী শ্রেণির শিক্ষার্থী উপবৃত্তি পাবে। এ লক্ষ্যে ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান (তৃতীয় পর্যায়)’ নামে একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
প্রকল্পের আওতায় ২০১৫ সালের জুন থেকে বকেয়াসহ ২০১৭ সালের জুন পর্যন্ত মাসিক ১০০ টাকা করে উপবৃত্তি পাবে প্রতিটি শিক্ষার্থী। তবে একই পরিবারের ৩টি শিশু উপবৃত্তির জন্য মনোনীত হলে সম্মিলিতভাবে ২৫০ টাকা দেয়া হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলো বিষয়ে অবহিত করেন। সংবাদ সম্মেলনে পরিকল্পনা কমিশনের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।