কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলার নয়াবাদ কান্তনগর আসাম পাড়ায় জালাল উদ্দীনের বাড়িতে বুধবার রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকান্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জালালের ঘর হতে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। দমকল বাহিনীকে খবর দিলে, দিনাজপুর হতে দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। রাতেই খবর পেয়ে কাহারোল থানা পুলিশ ঘটনাস্থলে যান। অগ্নিকান্ডে ৫টি ঘর, নগদ টাকা, স্বর্ণ অলংকার ভস্মিভূত ও ৬টি গরু আগুনে পুড়ে মারা গেছে। পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে বাস করছেন। আজ বৃহস্পতিবার কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।