সিসি ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীহার মাহমুদ শাওন। ২০১০ সাল থেকে সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতি করে আসা শাওন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ম্যানেজমেন্ট স্ট্যাডি বিভাগের প্রকাশিত এমবিএর ফলাফলে প্রথম শ্রেণিতে প্রথম হিসেবে উত্তীর্ণ হন।
ভালো রেজাল্ট করে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ছাত্রলীগের ত্যাগী এই নেতা। তার এই ফলাফলে উজ্জীবিত নেতাকর্মীরা।
জীবনের লক্ষ্য জানতে চাইলে মীহার মাহমুদ শাওন বলেন, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। লক্ষ্য অনুযায়ী পড়াশুনার পাশাপাশি নিজেকে গড়ে তুলেছি। সক্রিয় রাজনীতি করলেও পড়াশুনার দিকে সবসময়ই মনোযোগ ছিল প্রবল।
ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রিয় এই নেতা ক্যাম্পাসে পরিচিত ক্লিন ইমেজের মানুষ হিসেবে। জানতে চাইলে বেরোবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান জানান, সক্রিয় রাজনীতি ও সুন্দর আচরণের মাধ্যমে শাওন নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়েছে। সবসময় ছাত্রলীগের সাথে থেকে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছে। এসময় শাওনের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন ছাত্রলীগের এই নেতা।
উল্লেখ্য, রংপুর নগরীর গুপ্তপাড়ার শাহ আলম ও নাজমা বেগমের ঘরে জন্ম নেন মীহার মাহমুদ শাওন। পরিবারে তিন ভাই-বোনের সবার বড় শাওন ২০০৭ সালে নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং একই বিভাগ থেকে ২০০৯ সালে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৪.৮০ পেয়ে এইচএসসি পাশ করেন।
এরপর ২০০৯-১০ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্ট্যাডি বিভাগে ভর্তি হন। সেখান থেকে ২০১৩ সালে জিপিএ ৩.৪০ পেয়ে বিবিএ এবং ২০১৪ সালে জিপিএ ৩.৮২ পেয়ে এমবিএতে প্রথম শ্রেণিতে প্রথম হন।