আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ভয়াবহ খরায় বিপর্যস্থ প্রায় তেত্রিশ কোটি মানুষ। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। প্রচণ্ড খরায় বিভিন্ন রাজ্যে পানির জলাধার এবং কুয়াগুলো শুকিয়ে গেছে। খবর বিবিসির।
খরা পীড়িত এলাকায় জরুরি তহবিল বরাদ্দ করে জনগণের দুর্ভোগ কমানোর চেষ্টা করছে সরকার। তারই অংশ হিসাবে খরা পীড়িত জেলা লাতুরে পানি বহনকারী ট্রেন পাঠাচ্ছে কর্তৃপক্ষ। জনগণের পানির চাহিদা পূরণের লক্ষেই এই উদ্যোগ নিয়েছে সরকার।
বিবিসির এক সংবাদদাতা জানিয়েছেন, ভারতের পশ্চিমাঞ্চলীয় খরা পীড়িত জেলাগুলোতে পানির একমাত্র উৎস হচ্ছে কুয়া। কিন্তু প্রচণ্ড খরার কারণে বেশ কয়েকটি কুয়া শুকিয়ে গেছে। আর কিছু কুয়ার পানির স্তর এত নীচে নেমে গেছে যে পানির পাত্র নিয়ে প্রতিদিন নারীদের কুয়ার অনেক নিচ পর্যন্ত নামতে হয়। আর সবচেয়ে কষ্টকর হচ্ছে ওই ভারী পানির কলসগুলো নিয়ে পিচ্ছিল পাথর বেয়ে বেয়ে তাদের আবার উঠে আসতে হয়।
প্রায় দু`বছর ধরে বিভিন্ন এলাকার মানুষ বৃষ্টির মুখ দেখছে না। শুধু মানুষ নয়, পশু-পাখিও তীব্র পানি সংকটের মুখোমুখি হচ্ছে। প্রচণ্ড তাপ আর খরা থেকে পশুদের বাঁচাতে সরকারি ব্যবস্থাপনায় বেশকিছু খামার তৈরি করা হয়েছে।
পরিস্থিতি সামলাতে প্রায় ৩শ` কিলোমিটার দুরের এলাকা থেকে পানি নিয়ে খরা পীড়িত এলাকায় পৌঁছাচ্ছে পানি বহনকারী ট্রেন। স্থানীয় বাসিন্দাদের কাছে প্রতি চারদিনে একবার করে পানি সরবরাহ করবে কর্তৃপক্ষ।
এই উদ্যোগকে সরকারের শেষ প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন এনজিও কর্মী পরিনীতা দান্ডেকর।
এদিকে, দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ বছর স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের জন্য আরো দুই মাসের মত অপেক্ষা করতে হবে।