দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধভাবে স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে এবং দোকানের মালামাল সড়িয়ে দেয়া দিয়েছে। এ সময় অবৈধ পার্কিং এর অপরাধে দু’টি ট্রাক ও ৩টি মোটরসাইকেলের মালিকের নিকট ৫ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (২৭ এপ্রিল) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের রহমান রাশেদ’এর নেতৃত্বে বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের স্টেশন রোড, বাহাদুর বাজার, লিলির মোড়, জেল রোডসহ আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাস্তার উপর অবৈধভাবে রাখা বিভিন্ন দোকানের মালামাল তাৎক্ষনিক সড়িয়ে ফেলার নির্দেশ দিলে দোকানীরা দোকানের বাইরে রাখা মালামাল সড়িয়ে ফেলেন। যেসব দোকান মালিক সরকারী রাস্তা ও ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণ করেছেন তাদের আজ রাতের মধ্যে এসব স্থাপনা সড়িয়ে ফেলা অথবা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। অন্যথায় প্রশাসনের লোক দিয়ে এসব অভৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হবে বলে কঠোর নির্দেশ দেন।
ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনাকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। কারণ শহরজুড়ে অবৈধভাবে সরকারী রাস্তা ও ফুটপাত দখল করে বিভিন্ন দোকানের সামনে দোকানের মালামাল রাখার ফলে রাস্তা সরু হয়ে যানজটের সৃষ্টি হয়। এতে করে পথচারী ও যানবাহন চলাচলের বিঘœ ঘটে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষতি হয়।
অভিযান পরিচালনার সময় পুরাতন বাহাদুর বাজার এলাকায় রাস্তার উপর অবৈধভাবে ট্রাক রাখার দায়ে দু’টি ট্রাককে ৭শ’ টাকা এবং বাহাদুর বাহার-লিলির মোড় এলাকায় রাস্তার উপর অবৈধভাবে মোটরসাইকেল রাখার দায়ে ৩ মোটরসাইকেল মালিকের নিকট থেকে ৫ হাজার ১শ’ টাকাসহ সর্বমোট ৫ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া কোন কাগজপত্র না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
কয়েকজন পথচারী জানান, শুধু একদিন নয়, মাঝে মধ্যে এমন অভিযান পরিচালনা করলে দোকানীরা এভাবে রাস্তার উপর তাদের দোকানের মালামাল রাখতে সাহস পাবে না। তারা মাসে অন্তত একদিন এ ধরনের অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন।
অভিযান পরিচালনার সময় কোতয়ালী থানার এসআই মো. আফতাব হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
এছাড়া শহরের বালুবাড়াসহ আশপাশের এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কয়েকটি দোকান মালিককে জরিমানা করা হয়।