ঢাকা: ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।
নজরুল ইসলাম খান বলেন, পিন্টুর বিচার চাইবো কার কাছে? বিচার চাইতে হলে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই বিচার পাওয়া যাবে।
তিনি বলেন, পিন্টুর মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয়য়েছিল। তাকে হত্যার উদ্দেশ্যেই ঢাকা থেকে রাজশাহীতে নেয়া হয়।
তিনি আরো বলেন, প্রত্যেক বছর মে দিবসের পোগ্রাম সরকার শুরু করে সকাল ১১টায় এবার হলো তার উল্টো। এবার সরকার প্রোগ্রাম করলো বিকেলে কারণ বিএনপি শ্রমিক দলের পোগ্রামের সময় ঠিক করেছে বিকেলে। যখন খালেদা জিয়া বক্তব্য শুরু করলেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বক্তব্য শুরু করলেন। কারণ হলো কোন টেলিভিশন চ্যানেল যেনো খালেদা জিয়ার বক্তব্য প্রচার করতে না পারে। এতে করে তিনি (শেখ হাসিনা) ছোট মন-মানসিকতার পরিচয় দিয়েছেন।
তিনি আরো বলেন, সরকার বলে দেশে বিএনপির অস্তিত্ব নাই অথচ কোনো ঘটনা ঘটলেই কেন বিএনপিকে দোষারোপ করা হয়। তার মানে সরকার যা বলে সবই মিথ্যা।
স্মরণসভায় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, ফেরদৌস মুন্না, ইখতেয়ার কবির, আবু আতিক আল হাসান মিন্টু প্রমুখ।