নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদরে দুবৃত্তদের হাতে আব্দুল গফুর ওরফে কালু মুন্সি (৮৫) নামে এক বৃদ্ধ কবিরাজ হত্যার শিকার হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দাড়োয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন এলাকার একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি ওই ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে।
নিহত কালু মুন্সির ছোট ছেলে আজিবর রহমান বলেন, বাবা এলাকায় কবিরাজী চিকিৎসা করে বেড়াতেন। চিকিৎসার কাজে গিয়ে বিভিন্ন সময়ে রাতে বাড়িতে ফিরতেন না। ‘গত সোমবার মাগরিবের আযানের পর বাবা আমার চায়ের দোকানে চা খেয়ে (পান করে) বেরিয়ে যান। এরপর রাতে শুনতে পাই বাবা বাড়িতে ফেরেননি।
এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে লোকমুখে শুনতে পাই মিলের পেছন দিক সংলগ্ন একটি পাট ক্ষেতে আমার বাবার লাশ পড়ে আছে।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা শাহজাহান পাশা বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে ওই বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’