চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীর সরকার পাড়া গ্রামের এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করার অপরাধে আসাদুজ্জামান(২০) নামের এক বকাটে যুবককে বুধবার ১ বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
চিলমারী থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালাবাড়ি হাট ভাষার ভিটা এলাকার বজলার রহমানের ছেলে আসাদুজ্জামান আক্কাস প্রায়ই স্কুলে যাতায়াতের পথে সরকার পাড়া গ্রামের চিলমারী বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর এক ছাত্রীকে প্রেম নিবেদন করে বিরক্ত করতো। ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ৪মে বুধবার সকাল ১১ টায় উক্ত ছাত্রীর বাড়ীতে যায় এবং তাকে ভয় ভিতি দেখায়। এসময় এলাকাবাসী তাকে আটক করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে যায়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা বখাটে যুবকের স্বীকারোক্তিসহ ঘটনার সত্যতার ভিত্তিত্বে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট তাকে দোষী সাব্যস্থ করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। সাজাপ্রাপ্ত যুবকটিকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে চিলমারী মডেল থানার এস আই মশিউর রহমান ও এএস আই মামুন। উল্লেখ্য যে, উক্ত ছাত্রী বখাটে যুবকের স্ত্রী’র বান্ধবী বলে জানা গেছে।