বিনোদন ডেস্ক: ‘ফুড টোয়েন্টিফোর ডট সেভেন’ নামে নায়ক রিয়াজের একটি রেস্তোরা রয়েছে। ঢাকায় বসুন্ধরার মূল ফটকের কাছে জগন্নাথপুর রোডে খোলা হয়েছে রেস্তোরাটি।অভিনয়ের বাইরে যতটুকু সময় পান এ রেস্তোরায় সময় দেন তিনি।
রিয়াজ বলেন, “রেস্তোরাটি আমি নিজেই পরিচালনা করি। ঢাকা শহরের ভোজনরসিকরা এখানে আসেন। দিন-রাত খোলা থাকে রেস্তোরা। সময় পেলে এখানেই বসি।”
রিয়াজ বলেন, “রেস্তোরায় ব্যস্ত থাকলেও অভিনয়ে সময় দিচ্ছি। চলচ্চিত্রে আমার কাজ কম হচ্ছে। তাই বলে বসে নেই। নিয়মিত নাটক ও টেলিফিল্মে কাজ করছি। আসছে ঈদে একাধিক টিভি চ্যানেলে প্রচার হবে আমার অভিনীত নাটক।” সালাহউদ্দিন লাভলু ঈদের একটি টেলিছবিতে কাজ করবো। খুব শিগগিরই শুরু হবে এর দৃশ্যধারণ।
অন্যদিকে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’-এর বিচারকের আসনেও বসতে যাচ্ছেন রিয়াজ। আগামী ৭ মে থেকে ৫০ জন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে দ্বিতীয় সিজন শুরু হবে।
এছাড়া আগামী ১১ মে সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় এই অভিনেতা।
রিয়াজ অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কৃষ্ণপক্ষ’ ও ‘সুইটহার্ট। এ পর্যেন্ত ৩০টির ও বেশী চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়াজ। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।