নাটোর: নাটোরে জেলা, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ৬ কর্মকর্তা-কর্মচারীকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে ‘হত্যার হুমকি’ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে বিভিন্ন সময়ে তাদের মোবাইল ফোনে ‘টাকা চেয়ে হুমকি’ দেওয়া হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম। এসব ঘটনায় শুক্রবার রাতে নাটোর সদর ও সিংড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আশরাফুল আলম জানান, শুক্রবার দুপুরে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি বলেন, তাদের যদি চাঁদা না দিই, তবে আমাদের হাত ও পায়ের রগ কেটে খুন করা হবে বলে হুমকি দিয়েছে তারা।
যাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা হচ্ছেন, জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা নির্বাচন অফিসের অফিস সহকারী সোহরাব হোসেন, আলতাফ হোসেন এবং আব্দুল মজিদ।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জীর ধারণা, নির্বাচনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী ‘ভয় দেখানোর’ জন্য এই কাজ করে থাকতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন তিনি।